পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও নারীর ক্ষমতায়নে দুই দিনব্যাপী কর্মসূচি
পরিবেশ সংরক্ষণ, মানসম্মত শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে দুই দিনব্যাপী ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে তরুণদের সংগঠন Social Empowerment & Value Advancement (SEVA)।
গত ৬ ও ৭ নভেম্বর ‘SEVA for Sirajganj’ শীর্ষক এ কর্মসূচিতে ১২ হাজারেরও বেশি বীজ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা, নারীর ক্ষমতায়ন এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সংগঠনটির ১৬ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মানসম্মত শিক্ষা (SDG 4), লিঙ্গসমতা (SDG 5), জলবায়ু কার্যক্রম (SDG 13) এবং স্থলজ বাস্তুতন্ত্র সংরক্ষণ (SDG 15)-এর ওপর।
কর্মসূচির শুরু হয় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী রেলযাত্রার মধ্য দিয়ে। যাত্রাপথে ঢাকা-সিরাজগঞ্জ রেললাইনের আশপাশের বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবকেরা।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা আবদুল মুতাকাব্বির লস্কর জানান, দুই দিনের কর্মসূচিতে রেলপথের বিভিন্ন অংশসহ সিরাজগঞ্জের নির্ধারিত স্থানে ১২ হাজারেরও বেশি বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে। ‘Seeds Today, Greener Tomorrow’ স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচির দ্বিতীয় দিন সকালে স্বেচ্ছাসেবকেরা নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের নিয়ে ‘Learn Today, Lead Tomorrow’ প্রতিপাদ্যে একটি শিক্ষামূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন মাহিয়াত সিদ্দিকী ও সামি হোসেন।
কর্মশালার শুরুতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত স্বপ্ন সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় কেউ পাইলট, কেউ ফুটবলার, কেউ পুলিশ কর্মকর্তা, আবার কেউ সেনা কর্মকর্তা হওয়ার আগ্রহ প্রকাশ করে। তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় শিক্ষা, প্রস্তুতি ও দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি প্রচলিত পেশার বাইরেও বিভিন্ন ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে জানানো হয়।
আয়োজকেরা জানান, প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী শ্রমজীবী পরিবার থেকে আসায় বিভিন্ন পেশা ও ক্যারিয়ার সম্পর্কে জানার সুযোগ সীমিত। এ সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং নিজেদের সক্ষমতা সম্পর্কে সচেতন করে তুলতেই এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় নারী ক্ষমতায়ন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়েও আলোচনা করা হয়। বিশেষ করে মেয়েশিশুদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মতামত প্রকাশ এবং বিভিন্ন আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করা হয়। পাশাপাশি উল্লাপাড়ার স্থানীয় নারীদের সঙ্গেও সচেতনতামূলক আলোচনা করেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।
শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ছিল বিনোদনমূলক খেলাধুলার আয়োজন। সামি হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত খেলায় শিক্ষার্থীদের নির্দিষ্ট ঝুড়িতে বল ফেলতে হয়। এ সময় কয়েকজন শিক্ষকও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সহযোগিতা করেন। খেলা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে চকলেট এবং বিজয়ী পাঁচজনকে এক সেট করে রঙিন পেন্সিল উপহার দেওয়া হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অভিভাবকদের মধ্যে বিরিয়ানি পরিবেশন করা হয়।
দুপুর ১টার দিকে কর্মসূচির সমাপ্তি ঘটে। এ সময় SEVA-এর তিন প্রতিষ্ঠাতা অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের হাতে তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপত্র তুলে দেন। পাশাপাশি কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকদের স্থানীয় পরিবেশ ও সংস্কৃতি সম্পর্কে জানার এবং নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও দলগত বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি হয়।
উল্লেখ্য, আবদুল মুতাকাব্বির লস্কর, মাহিয়াত সিদ্দিকী ও রুবাইয়াত হাসান ঈশানের উদ্যোগে প্রতিষ্ঠিত Social Empowerment & Value Advancement (SEVA) একটি তরুণ নাগরিক উদ্যোগ। সংগঠনটি টেকসই উন্নয়ন অভীষ্টের সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
‘SEVA for Sirajganj’ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও সামাজিক ক্ষমতায়নকে একই ধারায় যুক্ত করেছে তরুণদের এ সংগঠন। ছড়িয়ে দেওয়া বীজ থেকে ভবিষ্যতে কতটি গাছ জন্ম নেবে, তা সময়ই বলে দেবে। তবে শিশুদের মনে নতুন স্বপ্নের বীজ বপন, পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়েছে SEVA-এর এ উদ্যোগ।

নিজস্ব প্রতিবেদক : 






















