রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন ভবনের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে।
শিশু আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কুশলিবাসা গ্রামের হৃদয় ও শিরিনার ছোট সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, শিরিনার প্রথম সন্তান খাদিজা (৬) কিডনিজনিত সমস্যায় আক্রান্ত। গত ৪ নভেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে শিশুটির বাবা হৃদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন।
এ অবস্থায় পরিবারের ছোট সন্তান আবু হুরাইয়া হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ছিল। সেখানে নির্মাণকাজ চলার মধ্যে কোনো এক সময় শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়ে মারা যায়।
হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়হান রোহানঃ 

























