বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেটসহ বেশ কয়েকটি জেলার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শোবিজ অঙ্গনের কয়েকজন তারকা
চলমান বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত মানুষের দুর্দশা নাড়া দিয়েছে অভিনেত্রী জয়া আহসানকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া লেখেন, ‘গত কয়েকটা দিন ধরে চারদিকের জলমগ্ন ছবিগুলো, মানুষের হাহাকার আর অসহায়ত্ব দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। বুকটা ভারী হয়ে আসছে। আমাদের দেশটা আজ কী ভীষণ এক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। জলমগ্ন প্রতিটি মুখ, আশ্রয়হীন প্রতিটি পরিবার আর অবোধ শিশুদের ছলছল চোখগুলো সারাক্ষণ চোখের সামনে ভাসছে।’ মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতার ওপর গুরুত্ব দিয়ে অভিনেত্রী বলেন, দুর্যোগ মানুষের পরীক্ষা নিলেও যেন মানবতা হারিয়ে না যায়। সবাইকে সচেতন থাকার, একে অপরের পাশে দাঁড়ানোর এবং নিরাপদে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সবার জন্য প্রার্থনা ও ভালোবাসা জানান এই অভিনেত্রী।
অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদের বাড়ি চট্টগ্রাম। তিনি ছবিটি পোস্ট করে অভিমানে লিখেছেন, ‘আমার চট্টগ্রাম ভালো নেই। বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবান ভালো নেই! অথচ মেজর কোনো নিউজ নেই! কোনো আওয়াজ নেই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। কবর থেকে লাশ ভেসে যাচ্ছে! কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল, তা নিয়ে তাদের উদ্ধার করতে গিয়েছিল! আজকে এই বন্যাপীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নেই, কোনো আওয়াজ নেই।
বন্যার্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। জানা গেছে, চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছেন এই অভিনেতা। তার এক ভক্তের উদ্যোগে পরিচালিত ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করে সেই অনুদান দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। এ বিষয়ে তৌসিফ মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি। তবে মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে এই অভিনেতা বলেন, ‘শুধু আমি একা নই, এমন দুর্যোগে যাদের সামর্থ্য আছে তাদের সবারই বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি পাশে থাকার। আমার এই ক্ষুদ্র অনুদান দেওয়া দেখে যদি বাকিরাও অনুপ্রাণিত হয়ে তাদের পাশে এসে দাঁড়ান, সেটাও অনেক কাজে দেবে।’
নিলয় আলমগীর বন্যাকবলিত মানুষের পাশাপাশি অসহায় পশু-পাখির প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ যেন সবাইকে এই দুর্যোগ মোকাবিলা করার শক্তি দেন। প্রাকৃতিক দুর্যোগের ওপর কারও হাত নেই। কিন্তু শহর ও শহরের আশপাশে বারবার কেন বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তার প্রকৃত কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।’ নিলয় আরও লেখেন, ‘এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই। শুধু মানুষ নয়, অসহায় পশু-পাখি, কুকুর, বিড়ালসহ সব প্রাণীর প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। তারাও এই দুর্যোগের শিকার।’
অন্যদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, যারা প্রিয়জন, ঘরবাড়ি কিংবা জীবিকা হারিয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যাকবলিত মানুষের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা এখন পানির নিচে। হাজারো পরিবার ঘরছাড়া। তার ভাষায়, ‘যারা ভালো আছেন, তারা সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। এক প্যাকেট শুকনো খাবার বা এক বোতল পানিও এই মুহূর্তে একজন বন্যার্ত মানুষের জন্য অনেক বড় সহায়তা হতে পারে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















