ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রিমা আবাসিক এলাকা এবং টিএন্ডটি কলোনী এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা, লার্ভিসাইড ও ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনকালে তিনি ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
রাসিক প্রশাসক রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিন মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা, ঝোপঝাড় পরিস্কার, ড্রেনে লার্ভিসাইড স্প্রে এবং ফগার স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিন মাসব্যাপী এই কার্যক্রম ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে পরিচালিত হবে।
এদিকে নগরীর রেলগেট এলাকায় ডেঙ্গু বিষয়ে জনসচেতনতামূূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকতা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদ, ২৬ নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সভাপতি মোঃ বাবু, ২৬ নং ওয়ার্ড (পূর্ব) বিএনপি’র সভাপতি মো. জামিল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদ আলী, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরিফ সহ থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















