শাকিবের সঙ্গে জুটি বেঁধে দুই বাংলায় ডানা মেলে উড়তে শুরু করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। পরিচালক সৃজিত মুখার্জি বড়পর্দায় নিয়ে আসছেন নতুন গোয়েন্দা কানাইচরণ। নাম ঠিক না হওয়া এ সিনেমার মাধ্যমে অনেকটা বিরতির পর বড়পর্দায় দেখা যাবে ইধিকাকে। যদিও নায়িকার চরিত্র নিয়ে কিছু জানাননি নির্মাতা
তবে প্রকাশ্যে এসেছে সৃজিতের নতুন সিনেমায় নায়িকা ইধিকার প্রথম ঝলক। তাতে দেখা যায়, ক্রিকেটের পোশাক পরে আছেন ইধিকা। আর পরিচালক সৃজিত মুখার্জি ব্যাট হাতে অভিনয় শেখাচ্ছেন নায়িকাকে। ধারণা করা হচ্ছে, তার চরিত্রের সঙ্গে খেলাধুলা জড়িয়ে আছে। অন্য একটি ছবিতে নায়িকা-পরিচালককে একসঙ্গে দেখা যায়। এ ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইধিকা পাল লেখেন—“যাত্রা শুরু। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা।”
ইধিকা পালকে শিখিয়ে পড়িয়ে তৈরি করছেন সৃজিত
লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণ। কানাইচরণ সিরিজের প্রতিটি গল্পই পড়েছেন পরিচালক সৃজিত। তার মধ্যে ‘কালাপানির দিশা’ গল্পটিকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি বুনেছেন এই নির্মাতা। গোয়েন্দা ‘কানাইচরণ’ চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে।
এর আগে প্রদোষচন্দ্র মিত্তির ওরফে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু, শার্লক হোমস-কে পর্দায় এনেছেন সৃজিত। এবার আরো এক গোয়েন্দাকে বড়পর্দায় নিয়ে আসছেন। নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেছিলেন, “এর আগে যে যে গোয়েন্দা চরিত্রকে নিয়ে কাজ করেছি, তাদের মধ্যে কোনো না কোনো বিশেষত্ব রয়েছে। তেমনই কানাইচরণের মধ্যেও একটা বিশেষত্ব রয়েছে। বইয়ের পাতায় চরিত্রায়ণ, কলকাতার সঙ্গে সম্পর্ক, মেজাজ—এসব কিছু পড়ে খুব ভালো লেগেছিল। রাজর্ষির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখনই কানাইচরণকে বড়পর্দায় আনার কথা ভাবি।”
ইধিকা পাল
কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পালের নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান
ইধিকা পাল
পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইধিকা। তবে ২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী।

রিপোর্টারের নাম 






















