গভীর রাতে বাসার নিচে গিয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের এক প্রাক্তন সহকারী। বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
অহনা রহমান বলেন, “একটা মেয়ে গত রাত ১টায় আমার বাসার নিচে এসে গার্ডকে বলে, উনি না কি একজন সাংবাদিক। গার্ড আমাকে আমার বাসায় কল করে কিন্তু বাসার সবাই তখন ঘুমে ছিল, তাই কেউ কল রিসিভ করেনি। এজন্য ওই ‘মেয়ে’ সকাল ৬টা পর্যন্ত সিকিউরিটি গার্ড রুমে ঘুমাচ্ছিল। রাতে যখন ওই মেয়েকে বলা হলো, ‘আপু আপনি চলে যান।’ তখন মেয়েটি উত্তরে বলেন, ‘এত রাতে আমি একটা মেয়ে মানুষ কই যাব?”
পরের দিন সকালে বাসার নিচে গিয়ে জানতে পারেন মেয়েটি সারা রাত গার্ড রুমে ঘুমিয়েছে। এ তথ্য স্মরণ করে অহনা রহমান বলেন, “সকালে যখন আমার বাসার মানুষ হাঁটতে বের হন, তখন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে অন্য মানুষজন এসে বলে, ‘আপনাদের মেহমান রাত থেকে এইখানে আছে।’ এ কথা শুনে আমরা সবাই অবাক! কে? কেন? পরে জানতে পারলাম, ওই মেয়েটার নাম ‘আফিফা’।”
মেয়েটির পরিচয় জানিয়ে অহনা রহমান বলেন, “এই মেয়ে সবাইকে বলে, আমার বোন। তারপর টাকা চায়। ‘আফিফা’ ছিল আমার অ্যাসিস্ট্যান্ট। তা-ও অল্প সময়ের জন্য।”
মেয়েটিকে সতর্কবার্তা দিয়ে অহনা রহমান বলেন, “এই স্ট্যাটাসটা হলো—সতর্কবাণী। ‘আফিফা’ তোকে আমি অনেকবার সতর্ক করেছি। কিন্তু এইটাই শেষবার। এরপর যদি আমাকে ডিসটার্ব করিস, তাহলে তোর সাথে তোর চক্রটাও ঠিক থাকবে না।”
অহনার পোস্টটি পড়ে নেটিজেনদের অনেকে অহনাকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পুলিশের সহযোগিতা নেওয়ার কথাও জানান তারা।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















