প্রকাশিত সময় :
১০:৪৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
৬
বিবাহবিচ্ছেদের চার বছর পর সাবেক স্বামী সোহেল খানের সঙ্গে আগের চেয়েও সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে বলে জানিয়েছেন সীমা সজদেহ। তাঁর ভাষায়, স্বামী-স্ত্রী হিসেবে যতটা সফল ছিলেন না, বন্ধু হিসেবে এখন তাঁরা অনেক বেশি ভালো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা বলেন, বিচ্ছেদের কঠিন সময় পেরিয়ে এখন তাঁরা দুই ছেলে নির্বাণ ও ইয়োহানের জন্য আদর্শ সহ-অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। দিনের শেষে তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তানদের সুন্দর ভবিষ্যৎ।
রিয়্যালিটি শো ‘দ্য অ্যালায়েন্স’-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার সময় আবারও একই পর্দায় দেখা যায় সীমা ও সোহেলকে। শোয়ে সোহেল বলেছিলেন, এই অভিজ্ঞতা তাঁদের সম্পর্ককে আরও ভালো করেছে। তবে সীমার দাবি, শো শুরু হওয়ার আগেই তাঁদের মধ্যে সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছিল।
সীমা আরও জানান, বিচ্ছেদের পরের সময়টা মোটেও সহজ ছিল না। অন্য অনেক দম্পতির মতো তাঁদের সম্পর্কেও ছিল রাগ, অভিমান ও তিক্ততা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অধ্যায় পেরিয়ে এসেছেন দু’জনই।
তাঁর কথায়, “আমরা খারাপ সময়ও দেখেছি, বিষাক্ত পরিস্থিতির মধ্য দিয়েও গিয়েছি। কিন্তু এখন সবই অতীত। কারণ আমাদের দু’জনের কাছেই সন্তানদের ভালো থাকা সবচেয়ে বড় বিষয়। তারা কখনও এমন পরিস্থিতি চায়নি। তাই আজ আমরা বন্ধু হিসেবে একে অপরের আরও ভালো সঙ্গী।”
উল্লেখ্য, ২০২২ সালে বিবাহবিচ্ছেদের মাধ্যমে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানেন সীমা সজদেহ ও সোহেল খান। বর্তমানে দুই ছেলে নির্বাণ ও ইয়োহানকে যৌথভাবে বড় করে তুলছেন এই সাবেক দম্পতি।