উচ্চারণ ও ভাষা নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানাকে। বিশেষ করে হিন্দি ছবিতে সংলাপ বলার ধরন নিয়ে তাকে নানা ধরনের কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে অভিনয় ও ভালো গল্পের দিকেই মনোযোগ দিতে চান এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, অপ্রয়োজনীয় কথাবার্তায় মন না দিয়ে নিজের কাজটুকু ঠিকভাবে করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, একজন অভিনেত্রী হিসেবে তার দায়িত্ব হলো শুটিং সেটে নিজের সেরাটা দেওয়া এবং কাজ শেষে বাড়ি ফিরে যাওয়া।
সমালোচনার জবাব দেওয়ার পরিবর্তে নিজের অভিনয় নিয়েই মনোযোগী থাকতে চান রাশমিকা। তিনি বলেন, তিনি কারও পথে বাধা হয়ে দাঁড়াতে চান না। বরং একজন অভিনেত্রী হিসেবে নিজের সেরা কাজটি করার দিকেই তার নজর।
বিভিন্ন ভাষায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন রাশমিকা। হিন্দি বলার সময় তার উচ্চারণে টান থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের মুখে পড়েছেন তিনি। তবে নিজের ভাষাজ্ঞান নিয়ে তার দৃষ্টিভঙ্গি বেশ আলাদা।
রাশমিকার মতে, কোনো একটি ভাষায় তিনি অসাধারণ দক্ষ নন। বরং বিভিন্ন ভাষায় মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন এটাই তার কাছে গুরুত্বপূর্ণ। যে ভাষাতেই কথা বলুন না কেন, সেই ভাষাভাষী মানুষের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারলেই তিনি নিজের কাজ সফল মনে করেন।
কর্নাটকের কুর্গে জন্ম ও বেড়ে ওঠা রাশমিকার। তার বেড়ে ওঠার এলাকার স্থানীয় ভাষাকে ঘিরে বড় কোনো চলচ্চিত্রশিল্প গড়ে ওঠেনি। তারপরও ভাষা তার অভিনয় ক্যারিয়ারে কখনো বড় বাধা হয়ে দাঁড়ায়নি বলে জানিয়েছেন তিনি।
রাশমিকা তার ভক্তদের নিজের পরিবারের মতো মনে করেন। তারাই প্রথম তাকে তেলুগু সিনেমায় কাজ করার জন্য উৎসাহ দিয়েছিলেন। পরবর্তী সময়ে তারাই হিন্দি ছবিতে অভিনয়ের পরামর্শ দেন। অভিনেত্রীর কথায়, ভাষা কখনো তার ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়ায়নি; বরং তিনি সব ভাষাকেই নিজের ভাষা হিসেবে গ্রহণ করেছেন।
২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় রাশমিকার। এরপর ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরে ‘অ্যানিম্যাল’, ‘ছাওয়া’ ও ‘সিকন্দর’-এর মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি তাকে দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 




















