তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, এআই দিয়ে তৈরি হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনগণকে দমানো যাবে না। ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানও দমানো যায়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল চৌরাস্তা চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নৈরাজ্যকারী হাসিনা আবারও দেশকে অস্থিতিশীল করার জন্য ডিসেম্বরে দেশে আসার পাঁয়তারা করছে। তারা ডিসেম্বরে না এসে এখনই আসুক। সাবধান হয়ে যান, অস্থিতিশীলতা করার চেষ্টা করবেন না। কাউকে ছাড় দেওয়া হবে না। দেশ থেকে যারা পালিয়ে গেছে তারা আর আসবে না।’
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছর স্বৈরাচারীরা জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রেখে ক্ষমতায় এনেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।’
‘স্বৈরাচার হাসিনা গত ১৭ বছর যেভাবে নিরীহ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, খুন, গুম ও বিনা বিচারে হত্যা করেছে, মা বোনদের সন্তানদের গুলি করে মেরেছে- প্রত্যেকটি তাজা প্রাণের জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে,’ যোগ করেন তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























