এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যতিক্রমী এক পর্যটনকেন্দ্রে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন প্রভা। ছবিগুলোতে তাকে দেখা গেছে টুকটুকে লাল পোশাকে। চারপাশের আয়না ও কাচের প্রতিফলনে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন পরিবেশ।
নিউইয়র্কের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টে ছবিগুলো তুলেছেন অভিনেত্রী। রৌদ্রোজ্জ্বল দিনের আলোয় লাল পোশাক আর আয়নাঘরের ঝলমলে পরিবেশ ছবিগুলোতে যোগ করেছে ভিন্ন মাত্রা।
এদিন প্রভার পরনে ছিল নেটের পেটাল স্লিভস ও বেল্টযুক্ত ক্ল্যাসিক ড্রেস। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে লাল লিপস্টিক, কানে ছোট মুক্তার দুল এবং কাঁধে ছিল লম্বা চেনের স্টাইলিশ ব্যাগ। খোলা চুলে সাবলীল ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।
ম্যানহাটনের মিডটাউন এলাকায় ওয়ান ভ্যান্ডারবিল্ট ভবনের ৯১, ৯২ ও ৯৩ তলায় অবস্থিত সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট। এটি শুধু পর্যবেক্ষণকেন্দ্র নয়, আধুনিক প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে তৈরি একটি ব্যতিক্রমী পর্যটনকেন্দ্র। আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং নানা ধরনের দৃষ্টিবিভ্রমের আয়োজন পর্যটকদের আকৃষ্ট করে।
নিউইয়র্কের আকাশচুম্বী ভবনগুলোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি এখানে রয়েছে ব্যতিক্রমী ছবি তোলার সুযোগ। প্রভার সাম্প্রতিক ছবিগুলোতেও আয়না ও কাচের প্রতিফলনের সেই দৃষ্টিনন্দন আবহ ফুটে উঠেছে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
















