হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই অস্থিরতা আরও তীব্র হয়েছে। অনেক দেশ অর্থনৈতিক প্রভাব কমাতে তেলের কৌশলগত মজুত ব্যবহার শুরু করেছে। তবে চীনের পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল দেখা গেছে। যদিও দেশটি ইরানের তেলের ওপর নির্ভরশীল।
চীন চাহিদার অর্ধেকের বেশি তেল মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে ইরান থেকে আমদানি করে। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, চীন ২০২৫ সালে ইরানের সরবরাহকৃত তেলের ৮০ শতাংশের বেশি কিনেছে। দৈনিক যা ১৪ লাখ ব্যারেল। তবুও বর্তমানে দেশটিতে তেল সংকটের কোনো প্রভাব দেখা যায়নি। চীনের ছোট ও বেসরকারি তেল শোধনাগারগুলোকে ‘টিয়াপট’ বলা হয়। এই শোধনাগারগুলো মূলত শানডং প্রদেশে অবস্থিত। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সস্তায় পাওয়া ইরানি ও রাশিয়ার তেল
আমদানি, মজুত বৃদ্ধি এবং অন্যান্য উৎস থেকে ক্রয় এগুলোর মাধ্যমেই করা হয়।
মূলত নিষিদ্ধ তেল আমদানি থেকে আর্থিক ও খ্যাতি ঝুঁকি এড়াতে বড় চীনা রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির পরিবর্তে এই তেল শোধনাগারগুলোকে ব্যবহার করা হয়। আর এই তেল চীনের নতুন আন্তঃব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ইউয়ানে কেনা হয়। টিয়াপট রিফাইনারির ক্ষমতা চীনের মোট প্রক্রিয়াজাতকরণের প্রায় এক-চতুর্থাংশ।
এই প্রতিষ্ঠানগুলো ইরানি ও রাশিয়ার তেল আমদানি চালিয়ে চীনের অর্থনীতি স্থিতিশীল রাখতে সাহায্য করছে। বড় চীনা তেল কোম্পানি যেমন সাইনোপেক যুদ্ধ চলাকালে সরাসরি ইরানি তেল আমদানির পরিবর্তে দেশীয় কৌশলগত তেল মজুত ব্যবহার করতে চাইছে। তবে টিয়াপট রিফাইনারির মজুত মূলত যুদ্ধের আগে কেনা হয়েছে। এ জন্য সাময়িকভাবে সফল হলেও দীর্ঘ মেয়াদে এই প্রতিষ্ঠানগুলো তেলের ঘাটতি মোকাবিলা করতে সক্ষম নয়। শানডংয়ের এক রিফাইনারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা কিছু মজুত আগেই করেছি। তাই আমাদের ওপর বর্তমান পরিস্থিতির চাপ খুব বেশি পড়ছে না।’ চীনের কৌশল হলো টিয়াপট রিফাইনারির মাধ্যমে সীমিত রুশ ও ইরানি তেল আমদানি চালিয়ে যাওয়া। এর মাধ্যমে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে কৌশলগত তেল মজুত বাড়িয়ে যাচ্ছে।
গত ৩১ মার্চে যুক্তরাষ্ট্রের হাউস সিলেক্ট কমিটি জানিয়েছে, নিষেধাজ্ঞার মধ্যেও চীন রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল কিনে মজুত তৈরি করেছে। এই তেলের পরিমাণ প্রায় ১২০ কোটি ব্যারেল।
সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 




















