প্রকাশিত সময় :
০৭:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া এলাকা থেকে সংরক্ষিত আসনের জন্য তিনি প্রার্থী হতে আগ্রহী। বিষয়টি নিশ্চিত করে গত শুক্রবার (১৭ এপ্রিল) তিনি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকারেও অংশ নেন।
রাজনৈতিক অঙ্গনে আগে থেকেই গুঞ্জন ছিল, এবার সংরক্ষিত আসনে বেশ কয়েকজন তারকা মুখ দেখা যেতে পারে। সেই তালিকায় কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনের মতো প্রবীণ তারকাদের পাশাপাশি এবার যুক্ত হলো চমকের নাম।
শুক্রবার বিকেলে সাক্ষাৎকার বোর্ড থেকে বের হওয়ার সময় চমককে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দেশের সেবা এবং বিশেষ করে নারী অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যেই আমি রাজনীতিতে সক্রিয় হতে চাই। আমার কাছে মনে হয়েছে, বিএনপির প্ল্যাটফর্ম থেকে কাজ করলে আমি আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারব।”
মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এই অভিনেত্রী আরও জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে। দল যে সিদ্ধান্ত নেবে, তা তিনি মাথা পেতে নেবেন। সাক্ষাৎকার বোর্ডে তাঁকে দল ও দেশের প্রতি তাঁর অঙ্গীকার নিয়ে প্রশ্ন করা হলে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান।
একই দিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন এই যাত্রার ইঙ্গিত দেন চমক। এক পোস্টে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে লেখেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব।”
উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পদার্পণ করা রুকাইয়া জাহান চমক গত কয়েক বছরে নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতেও সাম্প্রতিক সময়ে তাঁকে বেশ সোচ্চার থাকতে দেখা গেছে।