চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র-এ পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সোমবার (২৭ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় তাঁদের বহনকারী রাজকীয় উড়োজাহাজ অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেস-এ অবতরণ করে।
আগমনের পর রাজা–রানিকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি। তাঁদের সম্মানে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সামরিক ব্যান্ড যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশন করে এবং দুই শিশু ফুল দিয়ে রাজদম্পতিকে বরণ করে।
সফরের অংশ হিসেবে রাজা–রানি হোয়াইট হাউস-এ যান, যেখানে তাঁদের স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। সেখানে তাঁরা প্রথমে একটি ব্যক্তিগত চা চক্রে এবং পরে গার্ডেন পার্টিতে অংশ নেন।
২০০৭ সালের পর কোনো ব্রিটিশ সম্রাটের এটি প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় রানি দ্বিতীয় এলিজাবেথ ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে সৃষ্টি হওয়া রাজনৈতিক দূরত্ব, প্রিন্স অ্যান্ড্রুর নানান কেলেঙ্কারির মাঝে ব্রিটিশ রাজ দম্পতির এ সফর বিশেস গুরুত্ব পাচ্ছে। এ সফরের মধ্য দিয়ে দুই ঐতিহাসিক মিত্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকেরা।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 























