প্রকাশিত সময় :
১২:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
৫
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে বৈশ্বিক নিরস্ত্রীকরণ ব্যবস্থার সবচেয়ে গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার ইয়োনহাপ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি) বিষয়ক এক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জিয়ং ইয়ন-দু এ মন্তব্য করেন।
তিনি বলেন, উত্তর কোরিয়া এনপিটি কাঠামো থেকে সুবিধা নেওয়ার পর চুক্তি থেকে সরে দাঁড়িয়ে প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র উন্নয়ন চালিয়ে যাচ্ছে, যা বৈশ্বিক নিরস্ত্রীকরণ ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জিয়ং বলেন, “ডিপিআরকে একমাত্র দেশ, যে এনপিটি ব্যবস্থার সুবিধা গ্রহণের পর প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এবং প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র উন্নয়ন অব্যাহত রেখেছে।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ বার্তা দেওয়ার আহ্বান জানান যে, উত্তর কোরিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক ভবিষ্যৎ এনপিটি কাঠামোয় ফিরে আসার ওপর নির্ভর করছে।
একই সঙ্গে রাশিয়ার প্রতি পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়া সতর্ক করেছে, এ ধরনের সম্পর্ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও বৈশ্বিক নিরস্ত্রীকরণ কাঠামোকে দুর্বল করছে।
১৯৭০ সালে কার্যকর হওয়া এনপিটি বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করার অন্যতম প্রধান আন্তর্জাতিক চুক্তি হিসেবে বিবেচিত।