বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন শুরু হচ্ছে আলজেরিয়ার বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা আফ্রিকানদের বিপক্ষে ‘জে’ গ্রুপের ম্যাচ তারা খেলবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে।
স্বাভাবিকভাবে দুই দলের হেড টু হেড নিয়ে কৌতূহল রয়েছে। আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যে খুব বেশি দেখা হয়নি। এটি হবে এই দুই দলের মধ্যে দ্বিতীয়বারের মতো দেখা। এর আগে ২০০৭ সালে তারা মুখোমুখি হয়েছিল। ভেনিজুয়েলায় অনুষ্ঠিত কোপা আমেরিকার মাত্র কয়েক দিন আগে—যে আসরে ব্রাজিলের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল আর্জেন্টিনা।
২০০৭ সালের ৫ জুন, আলফিও বাসিলের অধীনে আর্জেন্টিনা দল বার্সেলোনার ক্যাম্প ন্যুতে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল। সেটি ছিল এমন এক স্কোয়াডের চূড়ান্ত পরীক্ষামূলক ম্যাচ, যেখানে রবার্তো আয়ালা, সেবাস্টিয়ান ভেরন ও রোমান রিকুয়েলমের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি লিওনেল মেসি ও ফার্নান্দো গ্যাগোর মতো প্রতিভাবান তরুণরা ছিলেন।
সেদিন বিকেলে আলবিসেলেস্তেরা মাঠে নেমেছিল গোলপোস্টে রবার্তো আবোনদানজিয়েরি, রক্ষণভাগে গ্যাব্রিয়েল মিলিতো, রবার্তো আয়ালা, নিকোলাস বুরদিসো এবং হাভিয়ের পিনোলাকে নিয়ে। মাঝমাঠে ছিলেন হাভিয়ের জানেত্তি, ফার্নান্দো গ্যাগো ও এস্তেবান ক্যাম্বিয়াসো। আর আক্রমণভাগে ছিলেন লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও ডিয়েগো মিলিতো।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























