পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে উত্তর রামাল্লাহ অঞ্চলের জিলজিলিয়া গ্রামের গ্র্যান্ড মসজিদ এবং মাজারি আল-নুবানি গ্রামের আল-ফারুক মসজিদে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। তারা এসব হামলাকে পবিত্র স্থানগুলোর মর্যাদার সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, বসতি স্থাপনকারীদের হামলা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ড অস্থিতিশীলতা, সহিংসতা ও উগ্রবাদকে আরও বিস্তৃত করছে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।
পাকিস্তান ও অন্যান্য মুসলিম দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব পালন করে এবং ইহুদিবাদী ইসরায়েলকে অবৈধ তৎপরতা বন্ধ করতে, বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধ করতে এবং এসব হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে বাধ্য করে।
বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে এবং তাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারগুলোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। এর মধ্যে আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























