উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয় শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টার বিরতি থাকবে। এবার ভোটার সংখ্যা ৫৭৩।
সকালের দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ভোটকেন্দ্রে ছিল উৎসবের আমেজ। ভোট দিতে আসা শিল্পীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। বিএফডিসির প্রধান ফটকে দেখা যায়, কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা জলি ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন। এ দুই তারকা শিবা শানু–জয় চৌধুরী পরিষদের প্রার্থী।
অন্যদিকে, ভোটকেন্দ্রের প্রবেশমুখে ভোটারদের স্বাগত জানাতে দেখা যায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি ও চিত্রনায়ক জয় চৌধুরীকে। তাদের সঙ্গে দেখা যায় কায়েস আরজু, কামরুজ্জামান কমল, সনি রহমান, রিনা খানসহ বিভিন্ন পদের প্রার্থীদের। শিল্পীদের সঙ্গে কুশল বিনিময়, ছবি তোলা এবং ভোট চাওয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
সকাল পৌনে ১০টার দিকে ভোট দিতে এফডিসিতে আসেন অভিনেতা ডা. এজাজুল ইসলাম। সকাল সকাল ভোট দিতে আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “ডাক্তার পেশায় আছি ভাই। শুক্রবার আমার চেম্বারে অনেক বেশি রোগী থাকেন। তাই সকাল সকাল আসতে হলো। প্রতিবারই সকাল সকাল ভোট দিই।” নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে এ অভিনেতা বলেন, “সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হোক। নির্বাচনের পর তো আমরা সবাই এক। কোনো বিভেদ না থাকুক।”
ব্যান্ড পার্টি ও পালকি নিয়ে ব্যতিক্রমী আয়োজনে ভোট দিতে এফডিসিতে হাজির হন অভিনেতা শম্ভু সরকার সঞ্জয়। এফডিসির গেট দিয়ে ঢুকতেই পালকির শোভাযাত্রা ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। সোনালি রঙের পোশাক, কাঁধে শাল ও হাতে লাঠি নিয়ে ভোটকেন্দ্রের দিকে এগিয়ে যান এই অভিনেতা।
শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটির সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর ও প্রযোজক মকবুল হোসেন আরমান, সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এ প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহসাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক চুন্নু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল নির্বাচন করছেন।
অন্য প্যানেলের সভাপতি প্রার্থী অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়ক জয় চৌধুরী। এ প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডি এ তায়েব। সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পলি, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মুসফেকুল জামিল এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই দুই প্যানেলের বাইরে ১০ জনের বেশি শিল্পী স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে লড়ছেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















