জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত যে আইন কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে দেশের প্রসিদ্ধ আলেম-ওলামারা প্রশ্ন তুলেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। সংসদে আইনটি পাস হলেও তিনি রাষ্ট্রপতির প্রতি এতে স্বাক্ষর না করার অনুরোধ জানান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত এই আইন কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। দেশের প্রসিদ্ধ সকল আলেম-ওলামা এ ব্যাপারে প্রশ্ন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। যদিও আইনটি সংসদে পাস হয়েছে। আমি অনুরোধ করব, মাননীয় রাষ্ট্রপতি যেন এতে স্বাক্ষর না করেন।’
তিনি বলেন, বিএনপির প্রতি সম্মান রেখে এবং সরকারের প্রতি সম্মান রেখেই তারা বলেছেন, কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো আইন হবে না। এ বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনে ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। ‘ইসলামিক ফাউন্ডেশন একটি সরকারি প্রতিষ্ঠান। তারা স্কলারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে আপনাদের সহযোগিতা করতে পারে। আমরা তখন সহযোগিতা করব। যত ধরনের সহযোগিতা লাগে, সব করব,’ যোগ করেন তিনি।
সংক্ষিপ্ত অধিবেশন সফল করতে সংসদ সচিবালয়, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এই যে শর্ট সেশনে বসলাম, এই সেশনটা সফল করতে গিয়ে সংসদ সচিবালয়ের সমস্ত কর্মকর্তা-কর্মচারী, এখানে গণপক্ষের অনেক কর্মচারী আছেন, ফায়ার সার্ভিসের অনেকে আছেন, সিকিউরিটিতে অনেকে আছেন, সাংবাদিকবৃন্দ আছেন আমরা সকলকে অন্তরের স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আগামী দিনে সবাইকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, সবাই মিলে আমরা বাংলাদেশ আগামীতে এগিয়ে যাব, ইনশাআল্লাহ। জাতিকে আর আমরা বিভক্তকারী কোনো সিদ্ধান্ত নেব না। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করেই সামনে আগাব।
সংসদে যৌক্তিক বক্তব্য তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আমাদের যৌক্তিক বক্তব্য এখানে তুলে ধরব। কিন্তু ভাষাটা হবে অত্যন্ত যৌক্তিক এবং স্বাধীন। কেউ কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করব না। এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই।
এভাবে চলতে পারলে বাংলাদেশের সংসদে নতুন একটি উদাহরণ ও ইতিহাস তৈরি হবে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























