কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে—বাগদান সেরেছেন ছোটপর্দার অভিনেত্রী শিরতাজ জাহান জেবিন। এ নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম খবরও প্রকাশ করে। শুরুতে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। এবার আড়াল ভেঙে খবরটিকে ‘ভুল’ বলে মন্তব্য করলেন এই অভিনেত্রী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শিরতাজ জাহান জেবিন তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।”

শিরতাজ জাহান জেবিন
বাবার চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন শিরতাজ জাহান জেবিন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আরো একটি বিষয় পরিষ্কার করতে চাই—আমি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছি, আমার বাবার চিকিৎসার জন্য। এই সময়ে আমার সম্পূর্ণ মনোযোগ আমার বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি। এমন একটি সংবেদনশীল সময়ে আমার ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং বিব্রতকর।”
গণমাধ্যমের দায়িত্ব স্মরণ করে শিরতাজ জাহান জেবিন বলেন, “একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এমন দায়িত্বশীলতাই প্রত্যাশিত।”

শিরতাজ জাহান জেবিন
পাশাপাশি প্রকাশিত এই ভুল তথ্য যথাযথভাবে যাচাই করে সংশোধন, ভবিষ্যতে কোনো ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিশ্চিত করার অনুরোধও করেন জেবিন।
ভক্ত-অনুরাগীদের অনুরোধ করে শিরতাজ জাহান জেবিন বলেন, “আমার সকল অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদেরও অনুরোধ করছি, কোনো সংবাদ দেখেই সেটিকে সত্য ধরে নেবেন না। তথ্যের সত্যতা যাচাই করুন এবং বিভ্রান্তিকর সংবাদ শেয়ার করা থেকে বিরত থাকুন। ভুল সংবাদ শুধু একজন ব্যক্তির ভাবমূর্তিই নয়, তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও অপ্রয়োজনীয় প্রভাব ফেলতে পারে। সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা হোক। সংবাদ হোক তথ্যনির্ভর, অনুমাননির্ভর নয়।”
কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে শিরতাজ জাহান জেবিন বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। এ আলাপচারিতায় তিনি বলেছিলেন—“এখন সিরিয়াসভাবে বিয়ের কথা ভাবছি। খুব শিগগির পারিবারিকভাবে বিয়ে করব।” তবে কাকে বিয়ে করবেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি জেবিন।

শিরতাজ জাহান জেবিন
মডেল-অভিনেত্রী শিরতাজ জাহান জেবিনের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বেশ কিছু কাজ উপহার দিয়েছেন। এর মধ্যে রাকেশ বসু নির্মিত ‘চাওয়া পাওয়া’ ধারাবাহিকে ‘নাবিলা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান। তাছাড়া ‘মায়া পাখি’, ‘দ্য অভিযান’, ‘অডিও ফাঁস’, ‘অনামিকা’ নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেন জেবিন।

রিপোর্টারের নাম 






















