নিজের অভিনীত চরিত্র নিয়ে সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি থাকে সব অভিনয়শিল্পীরই। আর এই সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি তাৎক্ষণিকভাবে তারা প্রকাশ না করলেও একটা সময় ঠিকই প্রকাশ করেন, বিশেষ করে সাক্ষাৎকার প্রদানকালে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর শুধু অসন্তুষ্টিই প্রকাশ করেননি, রীতিমতো অনুশোচনা করেছেন। আর তা তার অভিনীত একটি চরিত্র নিয়ে। চরিত্রটি ‘পেদ্দি’ সিনেমার, যেখানে তার চরিত্রটি ছিল আবেদনময়ী। বিষয়টি তখন তিনি সেভাবে অনুধাবন করতে না পারলেও এখন করছেন এবং অনুশোচনায় ভুগছেন। আর এই অনুশোচনার কথা তিনি প্রকাশ করেছেন করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে। জাহ্নবী জানান, ‘সিনেমাটির নেতিবাচক প্রভাব নিয়ে তিনি বিবেকের কাছে দায়বদ্ধতা অনুভব করেন। বিশেষ করে নারীদের ওপর এর সম্ভাব্য প্রভাবের কারণে।’
ওই চরিত্রে অভিনয় সম্পর্কে কথা বলতে গিয়ে জাহ্নবী বারবার কেবল নিজেকেই দোষারোপ করেছেন। যদিও তার কাজ ছিল পরিচালকের নির্দেশনা অনুসরণ করা। সবশেষে তিনি বলেন, ‘আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল।’ উল্লেখ্য, বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ একটি স্পোর্টস অ্যাকশন ঘরানার সিনেমা। এতে রামচরণের অভিনীত চরিত্রের নাম পেদ্দি। আর জাহ্নবী কাপুর অভিনয় করেছেন আচিয়াম্মা চরিত্রে, যে কিনা পেদ্দির প্রেমের মানুষ।

রিপোর্টারের নাম 























