এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ আসছে। ফল প্রকাশের এক মাসের মধ্যে আবার পরীক্ষায় বসতে পারবেন তারা। তবে এ ক্ষেত্রে শুধু যেসব বিষয়ে অকৃতকার্য হয়েছেন, সেগুলোর পরীক্ষাই দিতে হবে। এবার এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
বর্তমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। তখন শুধু অকৃতকার্য বিষয় অথবা ইচ্ছা অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।
এ কারণে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও পরবর্তী পরীক্ষার জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়। এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি অনেক শিক্ষার্থী মানসিক চাপের মুখেও পড়েন।
নতুন উদ্যোগ কার্যকর হলে অকৃতকার্য শিক্ষার্থীদের এই দীর্ঘ অপেক্ষার অবসান হবে। দ্রুত পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন তারা।
তবে এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের নির্দিষ্ট তারিখ, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরে বিস্তারিত নির্দেশনা দেবে

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















