কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি ব্যর্থতায় ঘরের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কা জেঁকে বসেছিল রিয়াল মাদ্রিদের। পরে দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের গোলে সমতায় ফেরে লস ব্লাঙ্কোসরা। পয়েন্ট হারানোর শঙ্কাটা অবশ্য তখনো ছিল। তবে হোসে মরিনহোর বাজির ঘোড়া সুপার সাব কার্লোস এস্পি চমক দেখানো তখনও ছিল বাকি। এস্পির সেই ‘স্পেশাল’ জাদুতে গতকাল শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার রোমাঞ্চকর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও সেলতা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে মরিনহোর দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় পাওয়া রিয়ালের রাতটি শুরু হয়েছিল বড় ধাক্কা দিয়ে; ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই স্বাগতিকদের রক্ষণভাগ ছিন্নভিন্ন করে সেলতাকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড পাবলো দুরান। ডিন হুইসেনের দুই পায়ের ফাঁক দিয়ে উইলিয়ট সুইডবার্গের বাড়ানো নিচু ক্রস গোলমুখের সামনে পেয়ে খুব কাছ থেকে জালে জড়ান দুরান।
সমতায় ফিরতে মরিয়া রিয়াল এরপর ইয়ান দিওমান্দের বিপজ্জনক ক্রসে বার্নার্দো সিলভার ডাইভিং হেড বাইরে গেলে হতাশ হয়। তবে সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করেন এমবাপ্পে। প্রথমার্ধে বক্সের ভেতর হাভি রদ্রিগেজ ফরাসি তারকার হাত টেনে ধরলে পেনাল্টি পায় রিয়াল; কিন্তু ১২ গজ দূর থেকে নেওয়া এমবাপ্পের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়।
চলতি মৌসুমে এটি তাঁর দ্বিতীয় এবং ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বশেষ ছয় পেনাল্টির মধ্যে তৃতীয় মিস। এর আগে সেপ্টেম্বরে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে ও বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নিচু শট নিয়ে ব্যর্থ হওয়ায় এদিন হয়তো উঁচু শট নিতে চেয়েছিলেন তিনি। এমবাপ্পের এই মিস দেখে গ্যালারিতে কপালে হাত দিয়ে অবিশ্বাস প্রকাশ করেন সেদিনই ক্লাবের সাধারণ সভায় পরিচালনা পর্ষদে নিযুক্ত হওয়া সাবেক টেনিস মহাতারকা রাফায়েল নাদাল।
চুল টানার অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ভিনিসিয়ুস জুনিয়রকে এদিন বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন মরিনহো, আর দ্বিতীয়ার্ধের শুরুতে এই ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠে নামতেই বদলে যায় রিয়ালের আক্রমণের ধার। ৬৬তম মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে এমবাপ্পে বল বাড়ান বেলিংহামকে, আর বক্সের ঠিক ভেতর থেকে নিচু ও জোরালো শটে দূরের কোণা দিয়ে চলতি মৌসুমে নিজের পঞ্চম লিগ গোলটি করে রিয়ালকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার। এরপর এদুয়ার্দো কামাভিঙ্গার একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে জয়সূচক গোলের অপেক্ষা বাড়তে থাকে স্বাগতিকদের।
অবশেষে ম্যাচের ৮৫তম মিনিটে ধরা দেয় সেই কাঙ্ক্ষিত মুহূর্ত; বেলিংহাম বল নিয়ে আক্রমণে উঠে ভিনিসিয়ুসকে দিলে তাঁর ভাসানো ক্রসে মাথা ছোঁয়ান গ্রীষ্মের দলবদলে লেভান্তে থেকে আসা এস্পি। সেলতা গোলরক্ষক ইওনুত রাদু প্রথম দফায় হেডটি ফিরিয়ে দিলেও দারুণ তৎপরতায় ফিরতি বল জালে জড়িয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন এস্পি। মৌসুমে তাঁর তিনটি লিগ গোলের প্রতিটিই এল বদলি হিসেবে নেমে দলকে শেষ মুহূর্তের জয় এনে দিয়ে।
স্বপ্নের মতো এই রাত শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বসিত এসপি বলেন, ‘এটি স্বপ্নের মতো একটি দিন, ঘরের মাঠে সব মাদ্রিদ সমর্থকের সামনে গোল করার প্রবল ইচ্ছা ছিল আমার। এমন একটি দিনেরই স্বপ্ন দেখেছিলাম, আমি সত্যিই ভীষণ খুশি। কোচ যা চান আমি সেটাই করার চেষ্টা করি; আমাকে যতটুকু সময়ই দেওয়া হোক, সর্বোচ্চটা দিয়ে তা কাজে লাগাতে চাই এবং দলকে সাহায্য করতে পারলে তো আরও ভালো লাগে।’
আন্তর্জাতিক বিরতির পর ইউরোপের বড় ক্লাবগুলো যখন হোঁচট খাচ্ছে, তখন এই জয়কে সোনার মতো মূল্যবান বলে অভিহিত করেছেন রিয়াল কোচ মরিনহো। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে দলের মানসিকতা ও বদলি খেলোয়াড়দের অবদান নিয়ে রিয়াল বস বলেন,’এই সপ্তাহান্তে যেসব বড় দল খেলেছে এবং যাদের জাতীয় দলের খেলোয়াড় সবচেয়ে বেশি, তাদের দিকে তাকালে দেখবেন আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও বায়ার্ন মিউনিখ কেউই জিততে পারেনি। এটি একটি জটিল সময়, তাই আজকের এই পয়েন্টগুলো সোনার তৈরি পয়েন্ট। বিষয়টি মানবিক মূল্যবোধের, এটা জানা যে আমাদের প্রত্যেকের চেয়ে দল বড়। সময়টা ৯০ মিনিট হোক বা এক মিনিট, তা দলের জন্যই।’
এই জয়ে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে স্পর্শ করল লস ব্লাঙ্কোসরা, যদিও এক ম্যাচ কম খেলা কাতালানরা আজ রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলে আবারও তিন পয়েন্টের ব্যবধান ফিরিয়ে আনার সুযোগ পাবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























