মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে তিনটি নৌযানে করে দেশে পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে উড়োজাহাজে ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০। তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।
আনোয়ার ইব্রাহিম স্বীকার করেছেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেকেই মিয়ানমার সরকারের নৃশংসতার শিকার। তবে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার আর্থিক ও নিরাপত্তাগত চাপ সামাল দেওয়া দেশটির পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি। তৃতীয় কোনও দেশে তাদের পুনর্বাসনের প্রচেষ্টাও সফল হয়নি।
জাতিসংঘের হিসাবে, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। জাতিগত নিপীড়নের শিকার এই মুসলিম জনগোষ্ঠীকে বিশ্বের অন্যতম নিপীড়িত সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























