আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে আগামী নববর্ষের পর ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইরানি আলোচকদের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট তাদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, “তারা সারাক্ষণ শুধু কথাই বলে যায়, কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না; সবই অর্থহীন বুলি।”
হরমুজ প্রণালিতে চলমান চরম উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় থাকা সত্ত্বেও ওই অঞ্চলে তেল ট্যাংকারগুলোতে ইরানের হামলা অব্যাহত রয়েছে।
তেহরান মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করতে পারে- ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের এমন খবরের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ইঙ্গিত দেন যে, অবরোধ ভাঙার চেষ্টা করা জাহাজগুলোতে মার্কিন বাহিনী গুলি চালাবে।
ফক্স নিউজ জানিয়েছে, ইরানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভের ভিডিও দেখার পর ট্রাম্প সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থন জানানোর পাশাপাশি তাদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন হামলা এবং বাহরাইনে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার ঘটনার পর তিনি এই প্রতিক্রিয়া জানালেন।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। জবাবে তেহরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়।
পরবর্তীতে জুনে ওয়াশিংটন ও তেহরান সংঘাত বন্ধে একটি কাঠামো চুক্তি স্বাক্ষর করে আলোচনা শুরু করলেও হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে মতবিরোধের জেরে তা থমকে যায়। যুদ্ধ অবসানের প্রচেষ্টা চললেও গত জুলাই মাস থেকে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
তথসূত্র: আনাদোলু এজেন্সি

রিপোর্টারের নাম 























