গাজীপুরের টঙ্গীর একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে লাগা আগুনে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেন।
দগ্ধরা হলেন- মনিরা আক্তার (৩০), ছয় বছর বয়সী আরিফুল ইসলাম আরাফাত এবং তরিকুল ইসলাম (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন থেকে বাঁচতে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, “আগুনে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























