সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রয়েছে।’
তিনি জানান, তার ছেলে মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তারা দেশে ফিরলে জানাজা ও দাফন নিয়ে সিদ্ধান্ত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শামসুল হুদা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতা ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ড. এ টি এম শামসুল হুদা ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন। তার নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে দেশ-বিদেশে প্রশংসিত হয়।
সেই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০, বিএনপি ৩০ ও জাতীয় পার্টি ২৭ আসনে জয় লাভ করে।
শামসুল হুদা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী ব্যবস্থার আধুনিকীকরণ ও নির্বাচন কমিশনের সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ২০১২ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























