অভিনেতা সালমান খানের হাত ধরেই বলিউডে পা রাখেন অভিনেত্রী ডেইজি শাহ। ‘জয় হো’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে আসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনোদন অঙ্গনের অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ নিয়ে কথা বলেছেন ডেইজি শাহ।
ক্যারিয়ারের শুরুর দিকে এক নির্মাতার হাতে হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। অডিশন দিতে গিয়ে দক্ষিণী এক নির্মাতার অপেশাদার আচরণের মুখোমুখি হন।
ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সেই সাক্ষাৎকারে ডেইজি বলেন, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ে। সেই নির্মাতা কাস্টিংয়ের জন্য মুম্বাই এসেছিলেন। ডেইজিসহ প্রায় ৬-৭ জন তরুণী সেখানে অডিশন দিতে যান। নির্মাতা প্রত্যেককে আলাদাভাবে ডেকে কথা বলছিলেন। ডেইজি যখন ভেতরে যান, তখন ওই ব্যক্তি তার হাত ধরে ফেলেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন। তখন বিষয়টি তার কাছে অত্যন্ত অস্বস্তিকর মনে হওয়ায় তিনি তাৎক্ষণিক সেখান থেকে বেরিয়ে আসেন।
শুধু পুরুষ না, নারীর স্পর্শও তার কাছে অসহ্যকর বলে অবহিত করেন ডেইজি শাহ। তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই অপরিচিত কারও স্পর্শ বা শারীরিক সান্নিধ্য নিয়ে বেশ সচেতন। এমনকি আমি নারীদের কাছেও ম্যাসাজ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। সেখানে একজন পুরুষ নির্মাতার এমন আচরণ আমাকে স্তব্ধ করে দিয়েছিল বলে জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, আমি তাকে শুধু বলেছিলাম—আমি পরে জানাব। কিন্তু সেই পরে এখনো শেষ হয়নি। কারণ আর কখনোই তার সঙ্গে যোগাযোগ করিনি।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















