যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গোলাগুলির ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। কীভাবে একজন বন্দুকধারী এত কঠোর নিরাপত্তার মধ্যে একাধিক অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলের এত কাছাকাছি পৌঁছে গেল, তা নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনা চলছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততার সঙ্গে হামলাকারীকে আটকে দেওয়ায় তাদের প্রশংসাও করছেন অনেকে। খবর দ্য গার্ডিয়ানের।
ওয়াশিংটন হিলটন হোটেলে শনিবারের এই হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) এই স্নাতক হামলার মাত্র ১০ মিনিট আগে পরিবারের কাছে একটি ‘ইশতেহার’ পাঠান। ট্রাম্প ও তার প্রশাসনের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে ওই ইশতেহারে তিনি নৈশভোজের নিরাপত্তাব্যবস্থাকে ‘উন্মাদনার পর্যায়ে’ বলে বিদ্রƒপ করেন।
নিউইয়র্ক পোস্টের হাতে আসা ওই ইশতেহারে অ্যালেন লিখেছিলেন, ‘আমি একাধিক অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে পড়লাম, অথচ সেখানে উপস্থিত একজন মানুষও ভাবল না যে আমি কারও জন্য হুমকি হতে পারি। এই স্তরের অযোগ্যতা সত্যিই পাগলামি। আমি আন্তরিকভাবে আশা করি, এই দেশে সত্যিকারের যোগ্য নেতৃত্ব ফিরে আসার আগেই এই গাফিলতিগুলো সংশোধন করা হবে।’
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এনবিসি নিউজকে নিশ্চিত করেছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাই এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন। এর আগে পেনসিলভানিয়ার বাটলার এবং ফ্লোরিডায় গলফ কোর্সেও ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
হামলাকারী মূল অনুষ্ঠানকক্ষের ভেতরে ঢোকার আগেই তাকে মাটিতে ফেলে কাবু করে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় এক কর্মকর্তার গায়ে গুলি লাগলেও বুলেটপ্রুফ ভেস্টের কারণে তিনি প্রাণে বেঁচে যান। সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারেন দাবি করেছেন, তাদের ‘বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা’ সফলভাবে কাজ করেছে এবং হামলাকারী বড় কোনো ক্ষতি করার আগেই তাকে থামানো সম্ভব হয়েছে। ডোনাল্ড ট্রাম্পও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হামলাকারী দরজার কাছাকাছিও পৌঁছাতে পারেনি।’
এই হামলাকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। রিপাবলিকান আইনপ্রণেতারা এই ঘটনার তদন্তে একটি সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 























