ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত এবং আহত হয়েছেন আরো ৭ জন। তবে আগুন লাগার পর কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং বহু বাসিন্দাকে জীবিত উদ্ধার করে উদ্ধারকারী দল।
রবিবার ভোরে দিল্লির পূর্বাঞ্চলের বিবেক বিহার এলাকায় চারতলা একটি ভবনে এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর প্রায় ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে ধোঁয়া জমে যাওয়ায় অনেক বাসিন্দা আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সকাল প্রায় ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ১০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আর নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ।
ভবনটির নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম যথাযথ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 























