পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশ-ভারত সম্পর্ক একই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ নেন। এ উপলক্ষে এ কর্মসূচি করেন ঢাকা জেলা ও দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় ঢাকা জেলা, উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে বিএনপির খোরশেদ আলম, মোজাদ্দেদ আলী বাবু, আশিকুর রহমান স্বপন স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান অভি,আসাদুজ্জামান, যুবদলের মোকাররম হোসেন সাজ্জাদ, ছাত্রদলের পাভেল মোল্লা, তমিজ উদ্দিন, তাঁতী দলের হিরা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, ‘ভারতে কোন দল ক্ষমতায় আসল তা দেখার বিষয় নয়। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে।’
নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ভারতের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছেন, নির্বাচিতদের আমি অভিনন্দন জানাই।’
এ সময় ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেওয়ার কথা বলেন গয়েশ্বর। নানা সংকটের মধ্যে বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছে জানিয়ে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে।
স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে।
এ সময় এখন আর একদলীয় শাসন ব্যবস্থা নেই, যা ইচ্ছা তা করা যাবে না বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















