পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে ভয়াবহ হামলা ও সশস্ত্র আক্রমণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার গভীর রাতে প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু জেলার ফতেহ খেল পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। আরব নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র কাশিফ খান।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। এরপর সশস্ত্র জঙ্গিরা চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায়। দফায় দফায় বিস্ফোরণের তীব্রতায় চেকপোস্টের একটি অংশ ধসে পড়ে।
ঘটনার পরপরই পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাজ্জাদ খান ঘটনাস্থলে গিয়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।
এক বিবৃতিতে বিষয়টি জানায় বান্নু জেলা পুলিশ।
বিবৃতিতে বলা হয়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১২ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ বান্নু জেলা সদর হাসপাতালে (ডিএইচকিউ) পাঠানো হয়েছে।
এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় তিন পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছ
আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 























