ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবলপ্রেম, ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন জয়া। সেখানে নিজের প্রিয় দল প্রসঙ্গে তিনি বলেন, ফুটবল তার খুবই পছন্দের খেলা। শেষ বিশ্বকাপে রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসেই খেলা উপভোগ করেছিলেন। তবে এবার আর মাঠে গিয়ে খেলা দেখা হয়নি।
ফুটবলের পাশাপাশি সাক্ষাৎকারে উঠে আসে তার জন্মদিনের প্রসঙ্গও। আগামী ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। এ বিষয়ে তিনি বলেন, জন্মদিন নিয়ে খুব বেশি আয়োজন করতে তিনি পছন্দ করেন না। তবে পরিবার, বন্ধু, স্বজন এবং ভক্তদের ভালোবাসা দিনটিকে তার কাছে বিশেষ করে তোলে। ছোটবেলার জন্মদিনের নানা স্মৃতি এখনও মনে থাকলেও এখন আর জাঁকজমকপূর্ণ উদযাপনে স্বচ্ছন্দ বোধ করেন না বলেও জানান তিনি।
আগামী জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। পরিচালক কৌশিক গাঙ্গুলীর বহুল আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ছবিটি। সফল একটি সিনেমার দ্বিতীয় কিস্তি নিয়ে কাজ করতে মানসিক চাপ থাকলেও দর্শকদের প্রত্যাশা পূরণ হবে বলেই বিশ্বাস তার। জয়ার ভাষ্য, এবার গল্পে নাটকীয়তা আরও বেড়েছে, পাশাপাশি আগের চরিত্রগুলোর দীর্ঘ যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু চরিত্রও।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















