প্রকাশিত সময় :
০৫:৩৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
৭
প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের জনপ্রিয় সংগীত উৎসব ‘ভেরখটার বুটিক’-এ দীর্ঘ ১৭ বছর পর তার মঞ্চে ফেরার কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
কনসার্ট বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন কেটি পেরি। তিনি জানান, অনুষ্ঠান বাতিলের খবর তিনি জানতে পারেন মঞ্চে ওঠার ঠিক আগে, যখন ব্যাকস্টেজে প্রস্তুতি নিচ্ছিলেন। সরকারি নির্দেশনার ভিত্তিতে শো বাতিল করা হয়েছে এবং এরপর তাকে আর কোনো বিস্তারিত জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
নিজের হতাশার কথা জানিয়ে কেটি লেখেন, ভক্তদের মতো তিনিও সমানভাবে মন খারাপ করেছেন। তবে ৫৫ হাজার দর্শকের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আবহাওয়া তার নিয়ন্ত্রণে নয়, তাই অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে নিরাপদে বাড়ি ফেরার আহ্বান জানান।
প্রসঙ্গত, ২০০৯ সালের পর এবারই প্রথম ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। ফলে তার পরিবেশনা ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, জনপ্রিয় শিল্পী পিটবুলের পরিবেশনার পর পুরো উৎসবের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে পিটবুলের পাশাপাশি মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার ও এমি ডি’আর্কেরও মঞ্চে ওঠার কথা ছিল।