প্রকাশিত সময় :
০৯:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
৮
হিজবুল্লাহর সঙ্গে নতুন করে লড়াই শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত ২ মার্চ থেকে চলমান এই সংঘাতের মধ্যে দেশটিতে অন্তত ২০০ শিশু নিহত হয়েছে।সংস্থাটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, গত ১৭ এপ্রিল থেকে একটি তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকা সত্ত্বেও লেবাননের শিশুদের ওপর সহিংসতার মাত্রা কমেনি। শুধুমাত্র গত এক সপ্তাহেই দেশটিতে অন্তত ৫৯ জন শিশু নিহত অথবা গুরুতর আহত হয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত দেশটির বর্তমান ভয়াবহ পরিস্থিতিরই প্রতিফলন।
ইউনিসেফের সংগৃহীত তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে এ পর্যন্ত লেবাননে শিশুদের মধ্যে মোট হতাহতের সংখ্যা ২০০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছে আরও ৮০৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে অন্তত ১৪ জন শিশু ইসরায়েলি হামলার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে নয়তো পঙ্গুত্ব বরণ করছে।
সংস্থাটি গভীর উদ্বেগের সাথে জানিয়েছে, দীর্ঘ কয়েক মাসের ভয় আর অস্থিরতা কাটিয়ে লেবাননের শিশুদের যখন শ্রেণিকক্ষে ফেরার এবং বন্ধুদের সাথে খেলাধুলা করার কথা, ঠিক তখনই তারা নির্বিচার সহিংসতার শিকার হচ্ছে। লেবাননের শিশুরা বর্তমানে ভয়াবহ বাস্তুচ্যুতি এবং মর্মান্তিক ট্রমার মধ্য দিয়ে দিনাতিপাত করছে বলে সংস্থাটি তাদের বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।