চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
শনিবার (১৩ জুন) মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তে নদীপথে নৌকাযোগে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এ সময় তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
বিজিবি দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে সীমান্তে কড়া নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। কয়েক ঘণ্টা ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ওই ১৫ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
পুশ ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, আটজন নারী এবং পাঁচজন শিশু ছিল বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং এবং স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও বাসিন্দাদের সহযোগিতায় রাতের নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে অবৈধ পুশইন ও পারাপার রোধে এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক : 
























