সম্প্রতি আলিয়ার ব্যক্তিগত প্রশিক্ষক করণ সাহনি ইনস্টাগ্রামে অভিনেত্রীর শরীরচর্চার কয়েকটি মুহূর্ত শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, জিমে বিভিন্ন ধরনের কঠিন ব্যায়াম করছেন আলিয়া। কখনো শক্তি বাড়ানোর অনুশীলন, কখনো ভারসাম্য রক্ষার ব্যায়াম—প্রতিটি ধাপেই আত্মবিশ্বাসী ও মনোযোগী দেখা গেছে তাকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাকশনধর্মী চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতেই দীর্ঘদিন ধরে কঠোর ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন আলিয়া। এর আগে ‘জিগরা’ সিনেমায় একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘আলফা’ সিনেমার জন্যও বিশেষভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন।
যদিও ‘আলফা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবে ছবির জন্য আলিয়ার কঠোর পরিশ্রম ও ফিটনেসচর্চা প্রশংসা কুড়িয়েছে। ভাইরাল হওয়া নতুন ভিডিওটি সেই পরিশ্রমেরই আরেকটি প্রমাণ বলে মনে করছেন অনেকেই
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা আলিয়ার প্রশংসায় ভাসছেন। অনেকের মতে, মা হওয়ার পরও যেভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন তিনি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। কেউ কেউ আবার বলছেন, পর্দায় অ্যাকশন দৃশ্যে আলিয়ার স্বচ্ছন্দ উপস্থিতির পেছনে রয়েছে এই কঠোর অনুশীলন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 




















