মুক্তির আগেই ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত ছবি হয়ে উঠেছে যশ অভিনীত ‘টক্সিক’। তবে ছবিটির প্রচারণার পাশাপাশি বিতর্কও কম হচ্ছে না। সম্প্রতি প্রকাশিত ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। তবে সমালোচনার বড় অংশই কিয়ারাকে লক্ষ্য করে হওয়ায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছবির অভিনেতা ‘বেনেডিক্ট গ্যারেট’।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট গ্যারেট বলেন, একই দৃশ্যে অভিনয় করেও যশ যেখানে আগুনের ইমোজি ও প্রশংসায় ভাসছেন, সেখানে কিয়ারা আদভানিকে ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ ও ট্রোলের শিকার হতে হচ্ছে। তার মতে, এটি স্পষ্ট দ্বিমুখী মানসিকতার পরিচয়।
নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরে বেনেডিক্ট জানান, গল্পের প্রয়োজনে তিনি তিনটি ভিন্ন প্রযোজনায় নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন। তিনি বলেন, কিয়ারা ও তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা দুজনই পেশাদার অভিনেতা এবং তারা জানেন, চরিত্রের প্রয়োজনে কখনো কখনো এমন দৃশ্যে অভিনয় করতেই হয়।
বেনেডিক্টের ভাষায়, ‘মানুষ কিয়ারার অভিনয়ের সমালোচনা করছে না। তারা তাকে আক্রমণ করছে, কারণ তিনি কারও স্ত্রী, কারও মা। যেন বিয়ে হয়ে গেলে একজন অভিনেত্রীর অভিনয় করার অধিকার শেষ হয়ে যায়। এটি সম্পূর্ণ অযৌক্তিক। সমস্যা কিয়ারার পেশাদারত্বে নয়, বরং যারা তাকে আক্রমণ করছেন, তাদের দ্বিমুখী মানসিকতায়।’
ভিডিওর ক্যাপশনেও একই বার্তা দেন তিনি। সেখানে লেখেন, ‘যশ একই কাজের জন্য প্রশংসা পাচ্ছেন, অথচ কিয়ারা আদভানি একই কাজ করার জন্য সমালোচিত হচ্ছেন। ‘তাবাহি’ গান ঘিরে এই প্রতিক্রিয়া অভিনেতা-অভিনেত্রীর চেয়ে আমাদের সমাজের মানসিকতাকেই বেশি প্রকাশ করে।’
তিনি আরও বলেন, ‘অভিনেতাদের পারিশ্রমিক দেওয়া হয় চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার জন্য, নিজের ব্যক্তিগত জীবন পর্দায় তুলে ধরার জন্য নয়। কেউ বিবাহিত বলে যদি রোমান্টিক দৃশ্যে অভিনয় করাকে ভুল ধরা হয়, তাহলে অভিনয়শিল্প সম্পর্কে আমাদের মৌলিক ধারণাতেই সমস্যা রয়েছে। প্রত্যেক অভিনেতার নিজের সীমারেখা নির্ধারণের অধিকার আছে। কিন্তু পেশাগত দায়িত্ব পালনের জন্য কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনো সমালোচনা নয়, বরং অভিনয় সম্পর্কে ভুল ধারণারই বহিঃপ্রকাশ।’
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ছবিতে যশ ও কিয়ারা আদভানির পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনের প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 



















