ঢাকার কেরানীগঞ্জের এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগে দায়ের করা মামলায় রাফিদ শিকদার (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাফিদ রাজধানীর নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকার মুজিবুল্লাহ সিকদারের ছেলে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী ১৮ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে রাফিদের পূর্বপরিচয় ছিল। সেই সূত্রে তাদের মধ্যে বিভিন্ন সময়ে যোগাযোগ ও কথা হতো। একপর্যায়ে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে রাফিদ কৌশলে ওই তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও গোপনে ধারণ করে রাখেন। পরে ওই ভিডিও ফেসবুকসহ অন্যান্য অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন রাফিদ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী কেরানীগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
র্যাব আরো জানায়, মামলার পর তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে রাফিদ শিকদারকে গ্রেপ্তার করা হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























