যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী সহকারী নাটালি হার্পকে ৪৫ হাজার ডলারের নগদ উপহার দিয়েছেন। হোয়াইট হাউসের আরো দুজন কর্মী—মার্গো মার্টিন এবং চেম্বারলেইন হ্যারিস সমপরিমাণ অর্থ উপহার হিসেবে পেয়েছেন। মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।
আর্থিক তথ্য প্রকাশের নথির বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই তিনজন নারী এই অর্থকে ‘ছুটির মৌসুমের নগদ উপহার’ হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নাটালি হার্পকে প্রায় সবসময়ই তার পাশে দেখা গেছে। তিনি মাঝেমধ্যে ট্রাম্পের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট টাইপ করা ও প্রয়োজনীয় তথ্য প্রিন্ট করার মতো কাজ করেন। এই ভূমিকার কারণে তাকে ‘হিউম্যান প্রিন্টার’ বা ‘মানব প্রিন্টার’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে।
কংগ্রেসে জমা দেওয়া বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও নির্বাহী সহকারী হিসেবে তিনি বছরে ১ লাখ ৫০ হাজার ডলার আয় করেন।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই উপহার প্রদানের বিষয়টি সমর্থন করে বলেছেন, ট্রাম্পের পরিচিত ও ঘনিষ্ঠজনদের—যার মধ্যে বিভিন্ন সময় কর্মী ও সহযোগীরাও অন্তর্ভুক্ত থাকেন—বড়দিনের উপহার দেওয়ার দীর্ঘদিনের একটি রীতি রয়েছে।
মুখপাত্র আরো জানান, এই উপহারগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাগত দায়িত্বের কোনো সম্পর্ক নেই; তাই প্রাসঙ্গিক আইনি ও নৈতিক মানদণ্ড অনুযায়ী এগুলো ‘সম্পূর্ণভাবে বৈধ।’

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 

























