অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় জামায়াতে ইসলামী রংপুর দখল করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগের প্রশাসনিক কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যেন নির্বাচনে বিএনপিকে ভোট দিলেও জামায়াতের প্রার্থীকে জয়ী দেখানো হয়।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও তার শহীদ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগে প্রশাসনিক সেটআপ এমনভাবে জামাতিকরণ করা হয়েছে, যাতে নির্বাচনে বিএনপিকে ভোট দিলেও জামায়াতের প্রার্থীকে পাস দেখানো হবে। কিন্তু জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বুকে পাথর চাপা দিয়ে জামায়াতের আমির সেই নির্বাচন মেনে নিয়েছেন।’
রংপুরে বিএনপি সাংগঠনিক ভাবে ভালো অবস্থানে রয়েছে দাবি করে রাশেদ খাঁন বলেন, ‘রংপুরে বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই ভালো। জাতীয় নির্বাচনে বিএনপির সাংগঠনিক অবস্থান, প্রার্থী ও দলের জনপ্রিয়তা বিবেচনায় রংপুরের মাটিতে ছয়টি আসনে বিএনপির প্রার্থী পরাজিত হবে—এটা অবিশ্বাস্য “।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, বেরোবির প্রক্টর প্রফেসর ফেরদৌস রহমান, বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























