রাজশাহী নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় বাসার তালা ভেঙে চুরি করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হওয়া এক চোরকে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) দেড় বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন লালন শাহের বাসার নিচতলায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাসায় কেউ না থাকার সুযোগে বোয়ালিয়া থানার জিন্নাহনগর মথুর ডাঙ্গা গ্রামের মাইনুল ইসলামের ছেলে রাহিদুল ইসলাম (৩০) তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মোটরসাইকেলের ব্যাটারিসহ গৃহস্থালি মালামাল চুরি করার চেষ্টা করে।
এ সময় গৃহকর্তা লালন শাহের স্ত্রী বাসায় ফিরে চোর দেখতে পেয়ে চিৎকার দেন। চোর রাহিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস, হাতুড়ি এবং চুরি করা একটি মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়।
খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির মালামালসহ রাহিদুল ইসলামকে আটক করে। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতা উল্লাহ’র খাস আদালতে হাজির করা হলে আদালত মামলা আমলে নিয়ে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া পরিচালনা করেন।
বিচার চলাকালে আসামি রাহিদুল ইসলাম চুরির কথা স্বীকার করলে আদালত তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানের নির্দেশ দেন।

নিজস্ব প্রতিবেদক : 
























