স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও কার্যকর করতে বছরব্যাপী ক্যাম্পেইনের আওতায় মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি মানুষের ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।
আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় জানানো হয়, বছরব্যাপী ক্যাম্পেইন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর করতে এটি মাঠপর্যায়ে জোরদার করা প্রয়োজন। মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ পৌঁছে দিতে হবে, যাতে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণে কোনো ধরনের ঘাটতি না থাকে।
সংবাদ সম্মেলনে দেশের ক্যানসার চিকিৎসাসেবা সম্প্রসারণের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়াতে দেশে নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে।
সাখাওয়াত হোসেন বলেন, আধুনিক প্রযুক্তি সংযোজনের পাশাপাশি ঢাকার বাইরে ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হলে মানুষ নিজ নিজ এলাকায় তুলনামূলক কম খরচে চিকিৎসার সুযোগ পাবেন। এতে ঢাকার হাসপাতালগুলোর ওপর রোগীর চাপও কমবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে চিকিৎসকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























