প্রকাশিত সময় :
০৯:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
০
নিকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের নেওয়া কোর্সের দায়িত্ব অন্য শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিভাগীয় একাডেমিক কমিটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইংরেজি বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভাগীয় সভা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযোগ এবং সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে একটি রেজল্যুশন নেওয়া হয়। এর ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টন করা হয়।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষককে অব্যাহতি দেওয়ার এখতিয়ার বিভাগের নেই। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের নেওয়া কোর্সটি তাৎক্ষণিকভাবে একাডেমিক কমিটির মাধ্যমে অন্য একজন শিক্ষককে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তী সময়ে অব্যাহতি বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত তারাই নেবেন।
অভিযোগটি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী বলেন, ড্রাফটের কাজ চলছে। দ্রুতই তা পাঠানো হবে।
এর আগে তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নিকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠে। এ অভিযোগের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়।