নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে চুরি হওয়া নিজের ম্যাকবুক ও ডিএসএলআর ক্যামেরা খোঁজে রাজশাহীতে এসেছিলেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার না হওয়ায় তিনি ঢাকায় ফিরে গিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল চারটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ‘পদ্মা এক্সেপ্রেস’ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এই পর্যটক।
পুলিশ জানিয়েছে, জার্মান পর্যটকের চুরি যাওয়া মালামাল উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সর্বশেষ বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
এরআগে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার কক্ষে ১৮ বছর বয়সি জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার- এর জিনিসপত্র হারিয়ে যায়। পরে নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন ওই জার্মান তরুণ। বিকেলে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। সেখান থেকে অন্য ট্রেনে ভারত যাওয়ার জন্য দর্শনা স্টেশনে যাওয়ার কথা ছিল তার।
চুরি যাওয়া জিনিসপত্রের লোকেশন রাজশাহীতে দেখা যাওয়ায় বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে আসেন ক্রিল ল্যান্ডার। রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে ক্রিল ল্যান্ডারের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। এরপর সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন জার্মান এই পর্যটক।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় দেখা যায়। পরে রাত ১১টার দিকে ওই পর্যটক রাজশাহীতে আসেন। তখন ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখা যায়। এরপর রেলওয়ে পুলিশ, বোয়ালিয়া থানা, ডিবি ও এসআরবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। ল্যাপটপে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। রাতে অবস্থানের পরিবর্তন দেখা যায়নি।
তিনি বলেন- বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে আব্দুলপুর রেলস্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। তখন তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ। কিন্তু ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। বিদেশি পর্যটক আমাদের মেহমান। তার জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তিনি বিকেল চারটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ‘পদ্মা এক্সেপ্রেস’ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























