জীবনের অনেক কিছু ত্যাগের পরই মাতৃত্বে স্বাদ পান একজন নারী। মা হওয়ার পর অন্য সাধারণ নারীর মতোই বদলে গিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। পরিবর্তন হয়েছে তার মানসিক-শারীরিক গড়নেও। কিছুদিন আগে এ নিয়ে কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী।
এ পরিস্থিতিতে নীরব ছিলেন ক্যাটরিনা কাইফ। তবে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা জোরালো প্রতিবাদ জানান। এবার আড়াল ভেঙে কটাক্ষকারী বা সমালোচনাকারীদের নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। যুক্তরাজ্যে নিজের কসমেটিকস ব্র্যান্ডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন ক্যাটরিনা।
সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে ক্যাটরিনা কাইফ বলেন, “সোশ্যাল মিডিয়ার আলোচনা বা মন্তব্য যেন আমাদের আত্মমর্যাদা ও নিজস্ব মূল্যবোধকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সত্যিই সতর্ক থাকা প্রয়োজন। কারণ সেখানে অসংখ্য মতামত ভেসে বেড়ায়। আপনি যদি সেগুলোর সবকটির সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করেন, তবে তা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ব্যাহত করবে।”
প্রতিটি সমালোচনাকে ‘আদেশ’ হিসেবে দেখার ব্যাপারটি ব্যাখ্যা করে ক্যাটরিনা কাইফ বলেন, “অন্যরা কী বলছে, তার প্রতিক্রিয়া দেখাতে থাকলে মানুষ একসময় স্থবির বোধ করতে পারেন। প্রতিটি সমালোচনা বা মন্তব্যকে যদি আদেশ মনে করেন, তবে জীবনে এগিয়ে যাওয়া আপনার জন্য কঠিন হয়ে পড়বে।”
জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেকে মানিয়ে নেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করে ক্যাটরিনা কাইফ বলেন, “আত্মবিশ্বাস ও নিজের সম্পর্কে ধারণা সবসময় একই রকম থাকে না। এমন দিনও আসতে পারে, যখন মানুষ নিজেকে সেরা অবস্থানে অনুভব করে। আবার অন্য সময় হয়তো নিজের সম্পর্কে ভালো বোধ করতেও হিমশিম খেতে হয়।”
ব্যক্তিগত বিকাশ বা আত্ম-উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া—তা বোঝার পাশাপাশি বর্তমানে নিজের প্রকৃত সত্তার প্রতি অবিচল থাকাটা জরুরি বলেও মনে করেন ক্যাটরিনা।
বিষয়টি কিছুটা ব্যাখ্যা করে ক্যাটরিনা কাইফ বলেন, “নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে জীবনের উত্থান-পতনকে সহজভাবে মেনে নেওয়া শেখা উচিত। অনুভূতি ও পরিস্থিতির পরিবর্তন হতে পারে—এই বিষয়টি মেনে নেওয়াই হলো নিজের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করার প্রক্রিয়ার একটি অংশ।”
দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত বছরের সেপ্টেম্বরে মা হতে যাওয়ার ঘোষণা দেন ক্যাটরিনা কাইফ। একই বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন। এরপর থেকে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন তিনি।
অনেক দিন ধরে রুপালি জগত থেকে নিজেকে অনেকটা দূরে রেখেছেন। গত আট বছরে তার অভিনীত মাত্র পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। কোনো কোনো বছর তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। তার অভিনীত শেষ সিনেমা ২০২৪ সালে মুক্তি পায়। তবে এখনো অভিনয়ে ফেরার বিষয়ে পরিস্কার কিছু জানাননি এই অভিনেত্রী।
*ইন্ডিয়া টুডে অবলম্বনে

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















