দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে এক হাজার ২৭৩ জন আক্রান্ত হয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ পাঁচ হাজার ২৮ জনে।
অন্যদিকে, একই সময়ে পরীক্ষায় আরও ৯৩ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৪২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণের পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















