অভিনয় ক্যারিয়ারে প্রায় তিন দশক পার করছেন ঢালিউড কিং শাকিব খান। দীর্ঘ এই যাত্রায় অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় রোমান্স করেছেন। দেশের তারকা অভিনেত্রী তো বটেই, কলকাতা থেকে যুক্তরাষ্ট্রের অভিনেত্রীর সঙ্গেও রোমান্স করেছেন শাকিব খান।
শাকিব খানকে নিয়ে ‘মহব্বত’ শিরোনামে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক হিমেল আশরাফ। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।
তারপরই প্রশ্ন ওঠে—সিনেমাটিতে শাকিব খানের নায়িকা কে? এরপর বেশ কজন পাকিস্তানি অভিনেত্রীর নাম নিয়ে চর্চা শুরু হয়। তারা হলেন, হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী, দুর-ই-ফিশান সেলিম ও কিনজা হাশমী। এবার জানা গেল, ‘মহব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন কিনজা হাশমী।

উর্দু ভাষার ‘রূপোশ’ সিনেমা দিয়ে বড়পর্দায় পা রাখেন কিনজা হাশমী। এটি ২০২২ সালে মুক্তি পায়
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমে দাবি করেন, হানিয়া আমির, সজল আলি বা অন্য কেউ নন, শাকিবের নতুন নায়িকা চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী, এরই মধ্যে তার সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।
নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও এখনই বিষয়টি খোলাসা করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জানা গেছে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ কারণে ‘মহব্বত’ সিনেমার প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। সেখানে শাকিবের সঙ্গে দেখা যায় লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত। কিন্তু মুখটি আড়ালেই রাখা হয়েছে।
আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে শাকিব অভিনীত ‘মহব্বত’ সিনেমা ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তি পাবে।

কিনজা হাশমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শেরোজ’। গত অক্টোবরে মুক্তি পেয়েছে এটি
পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমী। ২০১৪ সালে ‘অধুরা মিলান’ ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তবে শুরুতে নজর কাড়তে পারেননি তিনি। ২০১৮ সালে ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’, ‘মেরে বান জাও’ প্রভৃতি। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন কিনজা।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 



















