আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির ঘটনাটি সারা দেশে হইচই ফেলে দিয়েছে। এ অভিনেত্রী তার শরীরে হাত দেওয়ার অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই সংবাদকর্মী। বিষয়টি নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরাও।
পরীমণির ঘটনাটি যখন রীতিমতো চর্চায়, তখন নিজের সঙ্গে ঘটা বিব্রতকর একটি ঘটনা জানালেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কিছু দিন আগে এ অভিনেত্রী নিজেও ভীষণ অস্বস্তিকর পরিস্থিতিতে পরেছিলেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি।
সাদিয়া জাহান প্রভা বলেন, “সমকালীন অনেক বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করে। কিন্তু অনেক কিছুই এড়িয়ে যেতে হয়। তারপরও কিছু বিষয় এড়িয়ে গেলে নিজের বিবেককে কোনোভাবে সান্ত্বনা দিতে পারি না, নিজের চোখে নিজেকে অপরাধী মনে হয়, বিবেকের কাছে ছোট হয়ে যাই।”

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দারুণ সরব সাদিয়া জাহান প্রভা। কাজ ও ব্যক্তিগত নানা বিষয় এ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন
নিজের সঙ্গে ঘটা একটি ঘটনা বর্ণনা করে সাদিয়া জাহান প্রভা বলেন, “কিছুদিন আগে একটি মেলায় গিয়েছিলাম। ওই মেলায় স্কিনকেয়ার পণ্য প্রদর্শিত হচ্ছিল। সেখানে কিছু সাংবাদিক আমাকে ঘিরে ধরেছিলেন। সেদিনের সাক্ষাৎকারগুলো প্রচার হয়েছে। বিশ্বাস করেন, ওই লোকটি যদি সাংবাদিক না হতেন, আমি আমার স্যান্ডেল দিয়ে তাকে মারতাম।”সেদিন ঘটনাস্থলে উপস্থিত আরেক সংবাদকর্মী পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। তা বর্ণনা করে সাদিয়া জাহান প্রভা বলেন, “আমি হেসে হেসে লোকটিকে বলেছিলাম, ‘আপনি বুঝতে পারছেন না, আমি অস্বস্তি বোধ করছি?’ ওই লোকটি যা করছিল, তাতে অস্বস্তি বোধ করছিলাম, বিষয়টি আরেক সাংবাদিক ভাই বুঝতে পেরেছিলেন, এটা আমার ভালো লেগেছে।”
সাদিয়া জাহান প্রভার সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা-ও বর্ণনা করেছেন এই অভিনেত্রী। প্রভা বলেন, “ওই লোকটি অনেকগুলো মাইক্রোফোন একসঙ্গে ধরেছিল। আমি যতই সরে আসছিলাম, উনি মাইক্রোফোনগুলো আমার কাছে নিয়ে আসছিলেন। আমার যখন মনে হয়েছে উনার হাত আমার শরীরে লাগতে পারে, তখনই পিছনে সরে এসেছি। যতবার পিছনে সরেছি, উনি ততবারই আমার দিকে এগিয়েছেন। পরিস্থিতিটা এমন ছিল, আমি যদি একটু মুভমেন্ট করতাম, তাহলে একটা ব্যাড টাচ হয়ে যেত। পরে আমার ফোনটা এই পজিশনে রেখেছিলাম, যাতে আমার সঙ্গে উনার টাচ না লাগে।”

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তীতে নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন
একজন মানুষ হিসেবে বিষয়গুলো ভাবার আহ্বান জানিয়েছেন সাদিয়া জাহান প্রভা। এই অভিনেত্রী বলেন, “পরে আরেক সাংবাদিক ভাই বিষয়টি বুঝতে পেরে মাইক্রোফোনগুলো হাতে নিয়ে উনাকে সরিয়ে দেন। সাংবাদিকের মধ্যে এখানেই পার্থক্য। এজন্য বলছি, আপনারা যাচাই না করে, ঢালাওভাবে উনাকে সমর্থন করবেন না। তদন্ত করুন। পরীমণি যে অভিযোগ করেছে, তা সত্যি হতেও পারে। আমাদের একজন মানুষ হিসেবে, আপনারা একজন মানুষ হিসেবে বিষয়গুলো নিয়ে ভাবেন, ভাবতে শিখান। আমার পরিস্থিতিটাও খুবই অস্বস্তিকর ছিল।”
আদালত চত্বরে মেজাজ হারিয়ে গালিগালাজ করেন পরীমণি। তার মেজাজ নিয়ন্ত্রণহীন হওয়ার ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, “মেয়েটি (পরীমণি) মিডিয়া ব্যক্তিত্ব বলে, সবসময়ই মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারবে সেটাও সম্ভব না। কারণ সেও তো মানুষ। বেশ আগে মা হয়েছে, একজন সিঙ্গেল মাদার—পুরো জার্নিটা মোটেও সহজ না। সুন্দরী একটা মেয়ে, সবারই তাকে নিয়ে এক ধরনের কৌতুহল আছে।”
পুরো ঘটনা তদন্ত করার আহ্বান জানিয়েছেন সাদিয়া জাহান প্রভা। সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি অনেকবার এমনটা ফেস করেছি, তাই কথাগুলো বলছি। সুতরাং, ঢালাওভাবে আপনাদের সহকর্মীকে সমর্থন করবেন না। উনি যদি সত্যি অপরাধী হয়ে থাকেন, দয়া করে উনাকে সমর্থন করবেন না। তার আগে যাচাই করেন প্লিজ।”

এক দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে পরীমণি পেয়েছেন—তারকাখ্যাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দুই কোটি অনুসারী তার। নানা সময়ে নানা বিষয়ে আলোচনার কেন্দ্রে থাকার অভিজ্ঞতাও কম নেই তার
বলে রাখা ভালো, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ ঘটনার একদিন পরই অর্থাৎ গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন এই চিত্রনায়িকা। জামিন নিয়ে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন সাংবাদিককে গালিগালাজ করছেন পরীমণি। পাশাপাশি এই নায়িকাকে বলতে শোনা যায়—“তুই আমার গায়ে হাত দিয়েছিস ক্যান!”

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























