রাজধানী ঢাকা ও পার্শবর্তী এলাকায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। কমতে শুরু করেছে তাপমাত্রা। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসের তথ্য অনুযায়ী দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। গতকাল মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















