ঘুমের অতিরিক্ত ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের স্ত্রী এলিনা খাতুন (৪০)। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে আছেন। কি কারণে তিনি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা চালিয়েছেন সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
জানা গেছে, এমপি আয়েন উদ্দিন রাজশাহী নগরীর গ্রেটার রোড কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সেই বাড়ি থেকেই সাংসদপত্নী এলিনাকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে নেওয়া হয়।
আইসিইউতে থাকলেও ড. এলিনা বর্তমানে আশঙ্কামুক্ত বলে সাংবাদিকদের জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ড. এলিনাকে জরুরি বিভাগ আনা হয়। সেখান থেকে তাকে ৩৮ নম্বর ওয়ার্ডে (মেডিসিন বিভাগ) পাঠানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল থেকে গণমাধ্যমের সঙ্গে স্ত্রীর বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























